মোঃ নূরুল ইসলাম, চাটমোহর পাবনা ::
পাবনার চাটমোহর-কাছিকাটা সড়কের চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়াইলমারী কবরস্থানের পাশে দুর্বৃত্তরা নাছের আলী মুন্সি (৪৫) নামের এক অটোভ্যান চালককে ধারালো অস্ত্রের আঘাতে ও গলা কেটে নৃশংসভাবে খুন করেছে। বুধবার (৮ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত নাছের আলী মুন্সি চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের আগাশোয়াইল টলটলিপাড়া গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে। তিনি পেশায় একজন অটোভ্যানচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার পর নাছের আলী মুন্সি তার অটোভ্যানে যাত্রী নিয়ে ছাইকোলা এলাকায় গিয়েছিলেন। সেখান থেকে রাতে চাটমোহরের উদ্দেশ্যে ফেরার পথে বোয়াইলমারী কবরস্থানের পূর্ব পাশে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করে এবং গলা কেটে দেয়। হামলার সময় নাছের আলী মুন্সি প্রাণ বাঁচাতে দৌড়ে সড়কের পাশে সবুজ আলীর বাড়ির দরজায় গিয়ে সাহায্য চাইতে চেষ্টা করেন। তবে সেখানেই তিনি লুটিয়ে পড়েন এবং মারা যান। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত ১২টার দিকে মরদেহ উদ্ধার করে এবং নিহতের ব্যবহৃত অটোভ্যানটিও জব্দ করে। মরদেহ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার (৯ জুলাই) পাবনা মর্গে পাঠানো হয়।
পুলিশ ও এলাকাবাসীর ধারণা, অটোভ্যান ছিনতাইয়ের জন্য যাত্রীবেশে দুবর্ৃত্তরা ঘটনাস্থলে এসে বা পূর্ব থেকে ওঁৎপেতে থেকে অটোভ্যানটি ছিনতাই করতেই এ হত্যাকান্ড ঘটিয়েছে।
পরিবারের সদস্যরা জানান, নিহত নাছেরের সাথে কারো কোন বিরোধ ছিলনা।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাঃ অলিউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত জব্দ করাসহ মরদেহ উদ্ধার করে। কি কারণে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে, তার জন্য তদন্ত চলছে। এ ব্যাপারে নিহতের স্ত্রী জোছনা খাতুন বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে থানায় মামলা করেছে।
এই হত্যাকান্ডের বিষয়ে চাটমোহর সার্কেলের সহকারি পুলিশ সুপার আবু বকর সিদ্দিক বলেন, অটোভ্যান চালক নাছের মুন্সিকে ধারালো অস্ত্র দ্বারা নৃশংসভাবে খুন করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে নিহত নাছের মুন্সির ভ্যানটা ছিনিয়ে নেওয়ার জন্য এটা করা হয়েছে। আমরা আমাদের তথ্য প্রযুক্তির মাধ্যমে রহস্য উদঘাটনের চেষ্টা করছি। আলামত সংগ্রহ করা হয়েছে। আমরা আইনহত ব্যবস্থা নিয়েছি। হত্যাকান্ডের রহস্য অচিরেই উদঘাটন করতে পারবো এবং এ ঘটনার সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেফতার করবো।
