নাটোর প্রতিনিধি
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘নিষিদ্ধ আওয়ামী লীগ আন্তর্জাতিক ভাবে স্বীকৃত বাংলাদেশের একটা টেররিস্ট রাজনৈতিক দল। এই দল নৈরাজ্য সৃষ্টি করে সন্ত্রাস শুরু করেছে। এরা আগুন দিয়ে মানুষের বাড়ি পুড়িয়ে দেয়। গাড়িতে আগুন দিয়ে মানুষ খুন করে। হেলপার-ড্রাইভারকে পুড়িয়ে মারে। সোমবার বেলা ১১টার দিকে শহরের কানাইখালী এলাকায় নাটোর প্রেসক্লাবের সামনে নাটোর সদর ও নলডাঙ্গা নির্বাচনী এলাকার জনগন আয়োজিত বিক্ষোভ সমাবেশে দুলু এসব কথা বলেন। হুইপ দুলু আরো বলেন, ‘আওয়ামী লীগ আবার দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। এই জন্য এই সন্ত্রাসী রাজনৈতিক দলের বিরুদ্ধে আজকে আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে। গত ১৭ বছর নাটোরসহ সারা বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখে ছিলো এই নিষিদ্ধ সংগঠন।’ দুলু আরো বলেন, ‘বিএনপি আগুন দিয়ে মানুষের বাড়ি পুড়িয়ে দেয়ার রাজনীতি করে না। মানুষকে পুড়িয়ে ফেলার এই রাজনীতি খালেদা জিয়া কখনো করেনি তারেক রহমানও করবে না’। আওয়ামী লীগ যেমন মানুষকে জিম্মি করে ও পুড়িয়ে মারার রাজনীতি করছে গোটা পৃথিবী সেটা দেখছে। নিজেদের অন্যায় কর্মকান্ডের জন্যই আন্তর্জাতিক ভাবে আজ তারা সমালোচিত হচ্ছে। পৃথিবী বিখ্যাত পত্রিকা নিউইয়ার্ক টাইমস তাদের টেররিস্ট রাজনৈতিক দল হিসেবে সংবাদ প্রকাশ করে তাদের আগুন সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবেদন তুলে ধরেছে। সমাবেশে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, নাটোর জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদ প্রশাসক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, বিসিবির কাউন্সিল ফরহাদ আলী দেওয়ান শাহীন, , সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন ও কাজী শাহ আলম এবং জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ। এর আগে সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদে সোমবার সকালে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
