ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার নেতৃবৃন্দের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় জেলা প্রশাসককে সম্মাননা স্মারক প্রদান

খালেদ আহমেদ :
পাবনার জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সঙ্গে ইছামতি নদী উদ্ধার আন্দোলন, পাবনার নেতৃবৃন্দের মতবিনিময় সভা এবং সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জুলাই) দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় পাবনা শহর অংশে ইছামতি নদী পুনরুদ্ধার, খননকাজের অগ্রগতি এবং বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় ইছামতি নদী উদ্ধার আন্দোলনের নেতৃবৃন্দ জানান, পাবনা শহরের প্রায় ৫ কিলোমিটার ইছামতি নদী খননকাজ নিম্ন আদালতে বিচারাধীন ১৪১টি মামলার কারণে দীর্ঘদিন ধরে স্থগিত রয়েছে। এছাড়া শহরের ১৩টি সেতু নির্মাণসংক্রান্ত জটিলতা এবং পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কার্যক্রমের কারণে নদী খননকাজ এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। এসব সমস্যা দ্রুত সমাধানে জেলা প্রশাসকের কার্যকর উদ্যোগ কামনা করা হয়।

জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

মতবিনিময় শেষে পাবনায় যোগদানের পর সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন, অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের সৎ ও দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশনা প্রদান এবং সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখায় ১৮ জন কর্মচারীকে সম্পূর্ণ স্বচ্ছ ও মেধাভিত্তিক প্রক্রিয়ায় নিয়োগের মাধ্যমে বাংলাদেশের মধ্যে একটি ব্যতিক্রমী ও দৃষ্টান্তমূলক নজির স্থাপনের স্বীকৃতিস্বরূপ সিনসা সাহিত্য গোষ্ঠীর পক্ষ থেকে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

ইছামতি নদী উদ্ধার আন্দোলন, পাবনার সভাপতি সহকারী অধ্যাপক এস. এম. মাহবুব আলমের নেতৃত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভানেত্রী পূর্ণিমা ইসলাম, রিভারাইন পিপল পাবনা জেলা শাখার সভাপতি ও নদী গবেষক ড. মনছুর আলম, পৌর মহিলা দলের সভানেত্রী ফারজানা ইয়াছমিন, দৈনিক পাবনার বাণীর ভারপ্রাপ্ত সম্পাদক রহমতুল্লাহ দোলন এবং দৈনিক ঘোষণার কৌশিক হোসেন।

সভায় বক্তারা ইছামতি নদীকে দখল ও দূষণমুক্ত করে খননকাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।