রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেছেন। গতকাল রবিবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিচালিত দেশের প্রথম এই জাদুঘর পরিদর্শনে যান তিনি। এ সময় তিনি প্রতœতাত্ত্বিক নিদর্শন ঘুরে ঘুরে দেখেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম ও জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর কাজী মো. মোস্তাফিজুর রহমান রাষ্ট্রদূতকে জাদুঘরের গ্যালারিতে থাকা প্রতœতাত্ত্বিক নিদর্শন এবং প্রাচীন পুঁথির সংগ্রহ ও গ্রন্থাগারের সংগ্রহগুলোর সম্পর্কে অবহিত করেন। এ সময় রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষ্যে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আগ্রহের প্রতিফলন এই পরিদর্শন। তিনি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বরেন্দ্র গবেষণা জাদুঘরের প্রশংসা করেন। পাশাপাশি আগামীতে এই জাদুঘরের সংগ্রহ সংরক্ষণে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন। বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন শেষে রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের সদস্যরা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে যান। সেখানে রাষ্ট্রদূত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাত করেন এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থাপিত স্টার লিংক সংযোগের উদ্বোধন করেন। সোমবার তিনি ঢাকায় ফিরবেন।#