মৌলভীবাজারে প্রতিবেশীদের হামলায় নারী-শিশুসহ আহত-৪

মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলার গোমড়া গ্রামে রাস্তা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশীদের বিরুদ্ধে হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের চারজন আহত হয়েছেন। এ ঘটনায় মোঃ মাসুম মিয়া,মামুন মিয়া,পারভেজ মিয়া,আব্দুল আলী,জুবায়ের,রুমন মিয়া-কে আসামী উল্লেখ করে শনিবার (২৭ জুন) মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন- গোমড়া গ্রামের বাসিন্দা ভুক্তভোগী মো. শামীম মিয়া। মৌলভীবাজার মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।। থানায় দায়েরকৃত অভিযোগে বলা হয়, পূর্ব বিরোধের জেরে একই গ্রামের মোঃ মাসুম মিয়া,মামুন মিয়া,পারভেজ মিয়া,আব্দুল আলী,জুবায়ের,রুমন মিয়াগংরা সংঘবদ্ধভাবে তাদের বাড়িতে এসে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালান। এতে অভিযোগকারী শামীম মিয়া, তার স্ত্রী মেলন বেগম, ছেলে ফাহিম মিয়া ও নাহিদ আহত হন। হামলায় লাঠি, জিআই পাইপ ও ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত মেলন বেগম-কে উন্নত চিকৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অভিযোগকারী আরও দাবি করেন, অভিযুক্তরা মামলা করলে প্রাণনাশসহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।