কালিহাতীতে যমুনা নদীতে গোসলে নেমে নবম শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ

কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে যমুনা নদীতে গোসল করতে নেমে মঈন হোসেন (১৫) নামে নবম শ্রেণীর এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। সাত ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো সন্ধান মেলেনি। শনিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছে।

নিখোঁজ শিক্ষার্থী টাঙ্গাইল সৃষ্টি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র। তার গ্রামের বাড়ি মাগুরা জেলায়।

শুক্রবার সকাল ১১ টার দিকে কালিহাতী উপজেলা গোহালিয়াবাড়ি ইউনিয়নের যমুনা নদীর পাথরঘাট এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে উদ্ধার কার্যক্রম শুরু করে। তবে সন্ধ্যা নামার পর অন্ধকার বাড়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ১১ টার দিকে ৮ জন শিক্ষার্থী যমুনা নদীর সেতু এলাকায় ঘুরতে যান। এ সময় ৮ বন্ধু ফুটবল নিয়ে যমুনা নদীতে গোসল করতে নামেন। স্রোতের কবলে পড়ে ৭ জন সাঁতরে উপরে উঠে এলেও মইন হোসেন নিখোঁজ হয়। এসময় নদীর স্রোতে ৮ জনের ৭ জন উপরে উঠতে পারলেও মঈন হোসেন যমুনা নদীতে ডুবে যায়।

বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার মোস্তফা কামাল বলেন, নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে ৪ সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। তবে সাত ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো সন্ধান মেলেনি।

তিনি আরও জানান, টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে এবং শিক্ষার্থীর সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে। শনিবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছিলো।