কালিহাতীতে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৩

কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের ধাক্কায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল আরোহীর সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় অটোরিকশার তিন যাত্রী আহত হয়েছেন।

বুধবার (২৪ জুন) দুপুরে কালিহাতী পৌরসভার ভূইয়া কামার্থী এলাকায় রতনগঞ্জ-বল্লা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি গোপাল চন্দ্র পণ্ডিত (৬০) উপজেলার কামার্থী গ্রামের বৃন্দাবন চন্দ্র পণ্ডিতের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রতনগঞ্জ-বল্লা সড়কে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন দিক থেকে একটি অজ্ঞাতনামা ট্রাক ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে একই দিকগামী সাইকেল আরোহী গোপাল চন্দ্র পণ্ডিতের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় অটোরিকশার তিন যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে তালতলা এলাকার মলি (৫০) নামে এক নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেছেন। অপর দুই আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

কালিহাতী থানার অফিসার (ইনচার্জ) ওসি কাইয়ুম খান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি শনাক্তে পুলিশ কাজ করছে।