ভাঙ্গুড়া তেবাড়িয়া যুব সোসাইটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গ্রীন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ নূরুল ইসলাম, (পাবনা)
পরিবেশ সংরক্ষণ সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে পাবনার ভাঙ্গুড়া উপজেলার বিদ্যানিকেতন স্কুলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি ও গ্রীন কুইজ প্রতিযোগিতা।

বৃহস্পতিবার (১৮ জুন) চাটমোহর উপজেলার শ্রেষ্ঠ সরকারি নিবন্ধিত যুব সংগঠন তেবাড়িয়া যুব সোসাইটি এবং মেহেদী যুব ফাউন্ডেশন-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি পবিত্র কোরআন তেলাওয়াত এবং শ্রীমদ্ভগবদ্গীতা থেকে পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভাঙ্গুড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শামিম হোসেন, তেবাড়িয়া যুব সোসাইটির প্রতিষ্ঠাতা মোঃ মেহেদী শাওন, সংগঠনের স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ, স্থানীয় শিক্ষানুরাগী, সমাজসেবক এবং বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব এবং তরুণ প্রজন্মের সামাজিক দায়িত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তারা বলেন, বর্তমান সময়ে পরিবেশ বিপর্যয় মোকাবিলায় বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার একটি সামাজিক আন্দোলন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল গ্রীন কুইজ প্রতিযোগিতা।

পরিবেশ, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য, টেকসই উন্নয়ন এবং বৃক্ষরোপণ বিষয়ক প্রশ্নোত্তরের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট, শিক্ষা উপকরণ এবং পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে পেয়ারা, আমলকি, অর্জুন, জাম, কাঠবাদামসহ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার অঙ্গীকার গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে তেবাড়িয়া যুব সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, সংগঠনটি দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়ন, মানবিক সেবা, পরিবেশ সংরক্ষণ এবং যুব ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনের মূল প্রতিপাদ্য “লালকে করুন দান, সবুজে বনায়ন” এই স্লোগানকে ধারণ করে সংগঠনটি একদিকে যেমন নিয়মিত স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম পরিচালনা করছে, অন্যদিকে বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং বিদ্যালয় প্রাঙ্গণে প্রতীকী বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির সফল সমাপ্তি ঘোষণা করেন।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে মানবিক, দক্ষ ও পরিবেশবান্ধব নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।