স্টাফ রিপোর্টার:
করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস প্রতিপাদ্যতে বগুড়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ফল মেলা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
উদ্বোধনী বক্তব্যে সাংসদ বাদশা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। সময় বিবর্তনে ইতিমধ্যেই গ্রাম বাংলার অনেক ঐতিহ্যবাহী ফলমূল বিলুপ্ত হওয়ার পথে এক সময় যেগুলোর স্বাদ ও পুষ্টি কম ছিল অনন্য। হারিয়ে যেতে বসা সেগুলো দেশীয় ফল সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করার পাশাপাশি সকলকে বৃক্ষরোপনে উদ্বুদ্ধ করতে এমন আয়োজন অবশ্যই ইতিবাচক ভূমিকা রাখবে। বাদশা আরও বলেন, বৃক্ষরোপনের এই কর্মসূচি শুরু হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। আজ বর্তমান বাংলাদেশে তারই সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের ঘোষণা দিয়েছেন। যেটি ঐক্যবদ্ধ অংশগ্রহণে বাস্তবায়ন করা গেলে বাংলাদেশের জলবায়ুতে ইতিবাচক পরিবর্তন আসবে যা সকলের জন্যই মঙ্গলকর হবে।
বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা ইসমত জাহানের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সোহেল মো: শামসুদ্দিন ফিরোজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ এবং সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল।
আয়োজকরা জানান, ১০টি স্টলের মাধ্যমে প্রায় ৪০ রকমের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে অনুষ্ঠিত এই মেলার মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে দেশীয় ফলের গুনাগুন জানানোর পাশাপাশি বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করা হচ্ছে। মেলার উদ্বোধনী দিনে সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের বৃক্ষ ও কৃষকদের মাঝে সার বিতরণ করা হয়।
