ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ঈশ্বরদীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর নির্দেশনায় ঈশ্বরদী বাস টার্মিনাল এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন জুয়েল।
উদ্বোধনী অনুষ্ঠানে জাকির হোসেন জুয়েল বলেন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে ঈশ্বরদীতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, “গাছ লাগান, পরিবেশ বাঁচান। বৃক্ষহীন পরিবেশ মানবজীবন ও জীবিকার জন্য বড় হুমকি। নির্বিচারে বৃক্ষনিধন বন্ধের পাশাপাশি ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সময়ের দাবি। তাই আমরা তারেক রহমানের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি। একটি সবুজ, বাসযোগ্য ও সুন্দর পরিবেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় বক্তব্য দেন বিএনপি নেতা ইসলাম হোসেন জুয়েল, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, শিল্প ও বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু, বিএনপি নেতা আক্কাস আলী, স্বেচ্ছাসেবক দল নেতা মাহমুদুর রহমান জুয়েল, যুবদল নেতা আক্তারুজ্জামান রাজু, আতিয়ার রহমান ও রউফ সরদার।
কর্মসূচিতে বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
