মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
পাবনার চাটমোহর উপজেলার কাটাখালী ইউনিয়নের গ্রামীণ সড়ক প্রশস্তকরণ ও মেরামত কাজ এগিয়ে চলেছে। গ্রামীণ এই সড়কটি এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ হাজারো মানুষ এ সড়ক ব্যবহার করেন। দীর্ঘদিনের দাবি ও ভোগান্তির পর সড়কটির উন্নয়ন কাজ শুরু হয়েছে। এলাকাবাসীর মনে আশা সঞ্চার হয়েছে। সড়কটির উন্নয়ন কাজ শেষ হলে এলাকাবাসীর ভোগান্তি যেমন দূর হবে, তেমনি দীর্ঘদিনের আশার প্রতিফলন ঘটবে।
সড়কটি নির্মাণকালে কিছু সমস্যা ও অভিযোগ উঠলেও কর্তৃপক্ষ দ্রুত তা সমাধানের উদ্যোগ গ্রহণ করেছে। প্রকল্পে ক্ষতিগ্রস্থ এজিং মেরামত করাসহ নির্মাণ সামগ্রীর মান বজায় রেখে কাজ করা হচ্ছে।
প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে বরেন্দ্র কনস্ট্রাকশন। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করে
সুষ্ঠুভাবে কাজ করার নির্দেশনা দেন। একইসাথে মনিটরিং কার্যক্রমও জোরদার করা হয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশের ক্ষতিগ্রস্থ এজিং মেরামত করা হয়েছে। নির্মাণ কাজের প্রয়োজনীয় মান বজায় রাখতে উপজেলা প্রকৌশলী এনামুল কবিরের তদারকিতে সিডিউল মোতাবেক নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে। সড়ক নির্মাণে ব্যবহৃত খোয়ার মান নিয়েও প্রশ্ন ওঠায়, তা সরিয়ে নেওয়া হয়েছে। একইসাথে সড়কের নির্মাণকাজে সঠিকভাবে পিচ ঢালাই করা হয়েছে। প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য পর্যাপ্ত তদারকি নিশ্চিত করা হয়েছে। জনগণের অর্থে বাস্তবায়িত গুরুত্বপূর্ণ এই সড়কের নির্মাণ কাজ সুষ্ঠুভাবে হবে বলে এলাকাবাসীর আশা। সড়কটির উন্নয়ন ও প্রশস্তকরণের ফলে স্থানীয় বাসিন্দারা খুশি হয়েছেন।
উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম জানান, মান বজায় রেখে কাজটি যাতে সম্পন্ন করা যায়, এজন্য আমরা সার্বক্ষনিক তদারকি করছি। কোন অনিয়মের সুযোগ নেই। উপজেলা প্রকৌশলী মোঃ এনামুল কবির বলেন, যে সমস্যা হয়েছিল, তা ঠিক করা হচ্ছে।
কাজটা চলমান আছে। আমরা সবকিছু দেখে সুষ্ঠুভাবে কাজ করছি, কোন সমস্যা থাকলে, অবশ্যই দেখবো। যদি কোথাও কোনো প্রবলেম হয়
সেটা ঠিক করা হবে। কোন অনিয়ম হলে, তা মানার সুযোগ নেই।
এলজিইডি পাবনার নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম বললেন, এই সড়কটি খুবই জনগুরুত্বপূর্ণ। এটির উন্নয়ন কাজ শেষ হলে এলাকার সাধারণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে। সড়কের কাজ সুষ্ঠুভাবে মান বজায় রেখে করা হচ্ছে।
