মধুমতি এক্সপ্রেসে ৫০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ১

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা:
রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে কোডিনযুক্ত ৫০ বোতল এসকাফ (Eskuf) সিরাপ উদ্ধার করেছে পাকশী রেলওয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পাকশী রেলওয়ে জেলা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১০ জুন) মধুমতি এক্সপ্রেস ট্রেনে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। ট্রেনটি আব্দুলপুর রেলওয়ে স্টেশনের আউটার অতিক্রম করার সময় ‘ক’ বগির ১ নম্বর এসি কেবিনের ১ নম্বর সিটের নিচে রাখা একটি প্লাস্টিকের বস্তাবন্দী আমের কার্টন তল্লাশি করা হয়। পরে কার্টনের আমের ভেতর থেকে কোডিনযুক্ত ৫০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।

এ সময় বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বিশারকান্দি গ্রামের বাসিন্দা রতন লাল বিশ্বাসকে (৪৩) আটক করা হয়। তিনি মৃত মতিলাল বিশ্বাস ও ঝর্না রানী বিশ্বাসের ছেলে।

পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপার মো. মেহেদী হাসানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযানটি পরিচালনা করে।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে ঈশ্বরদী রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(খ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।