আগৈলঝাড়ায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ: বিএনপি নেতাকে কুপিয়ে আহত

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়ায় এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন বিএনপি’র যুগ্ন-আহ্বায়ককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। এছাড়াও উভয়পক্ষের তিনজন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় বিএনপি নেতাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় উভয়পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় ও থানাসূত্রে জানা গেছে, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে উপজেলার রতœপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ন-আহ্বায়ক মনিরুল ইসলাম ইসমাইল ও একই এলাকার জালাল সরদারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বুধবার বিকেলে স্থানীয় বিএনপি’র কার্যালয়ে ইউনিয়ন বিএনপি’র যুগ্ন-আহ্বায়ক মনিরুল ইসলাম হাওলাদার বসেছিলেন। হঠাৎ করে ওই অফিসের সামনে গিয়ে জালাল সরদারের ছেলে সাকিব সরদারসহ তার তিনভাই মিলে বিএনপি নেতা মনিরুল ইসলামকে গালমন্দ করতে থাকে। গালমন্দের প্রতিবাদ করায় উভয়পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষ সাকিব সরদারসহ তিন-চারজনের একটি দল ইউনিয়ন বিএনপি’র যুগ্ন-আহ্বায়ক মনিরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন বিএনপি নেতাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য বুধবার রাতে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্য দু’জনকেও বরিশাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। উভয়পক্ষ থেকে বুধবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, স্থানীয় একাধিক মামলার আসামী ও মাদক ব্যবসায়ী জালাল সরদার ও তার তিন ছেলে জুয়েল সরদার, সাকিব সরদার ও রাকিব সরদার বিএনপি অফিসে ঢুকে আমাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ফেলে যায়। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
এব্যাপারে সাকিব সরদারের পিতা জালাল সরদার বলেন, আমরা তাকে কুপিয়ে আহত করিনি। টিনে তার মাথা কেটে গেছে।
আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান সাংবাদিকদের বলেন, মিশ্রীপাড়ায় মারামারির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামী গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে।