মৌলভীবাজারে প্রবাসীর বাড়িতে হামলা

মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজার সদর উপজেলার ২নং মনুমুখ ইউনিয়নের ঘোড়াখাল গ্রামে যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রব এর বাড়ীতে প্রকাশ্যে দিনের বেলায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় লোহার গেট ও বাউন্ডারি দেয়াল ভাঙচুর করে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি এবং নগদ ২ লাখ টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রব এর স্ত্রী স্বপ্না বেগম বাদী হয়ে, একই এলাকার শিব্বির আহমদ ওরফে হাসান আহমদ, আনকার মিয়া, আব্দুল গফুর, রুহুল আমিন, সাজু মিয়া, মাহফুজ মিয়াসহ ৪-৫জনকে অজ্ঞাতনামা আসামী করে মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে গত ৮ জুন-২০২৬ইং, উক্ত হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে অনধিকার প্রবেশ করে। তাদের হাতে থাকা দা, লোহার রড, জিআই পাইপ, হাতুড়ি দিয়ে বাড়ির লোহার গেইট ও বাউন্ডারি দেয়াল ভাঙচুর করে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি করেন, এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয়। এ সময় তিনি প্রতিবাদ করলে তাকেও টানা হ্যাছড়া করে মারপিট ও শ্লীলতাহানির চেষ্টা করা হয়। এ বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন- এ বিষয়ে সত্যতা যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।