জসীমউদ্দিন ইতি (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক (ডিসি) জনাব মোহাম্মদ রফিকুল হক বলেছেন, ঠাকুরগাঁও জেলায় শিক্ষার সামগ্রিক গুণগতমান বৃদ্ধি করতে শিক্ষক, অভিভাবক ও সমাজকর্মীসহ সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়, শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহ-শিক্ষা কার্যক্রম ও নৈতিক শিক্ষার ওপর জোর দিতে হবে।
মঙ্গলবার (৯ জুন) বিকাল ৩:৩০ মিনিটে হরিপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদরাসার শিক্ষকদের নিয়ে আয়োজিত এক বিশাল শিক্ষক সমাবেশ এবং শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও প্রাথমিক চিকিৎসা (First Aid) সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হরিপুর উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব চন্দন কর। তিনি উপজেলার শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং স্কুল-কলেজে ছাত্র-ছাত্রীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হরিপুর মোসলেম উদ্দিন সরকারি কলেজের অধ্যক্ষ সৈয়দুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক আবু তাহের। বক্তারা উপজেলার শিক্ষা অবকাঠামো ও শিক্ষার পরিবেশ উন্নত করার বিষয়ে একমত পোষণ করেন।
সমাবেশে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদরাসার প্রধানগণ, সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক, স্থানীয় সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও সভাপতি মহোদয় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ক্রিকেট ব্যাট, স্পোর্টস ব্যাগসহ উন্নত মানের ক্রীড়া সামগ্রী এবং জরুরি প্রাথমিক চিকিৎসা (ফার্স্ট এইড) বক্স তুলে দেন।
