ছাতকে রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন!

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলার সদর ইউনিয়নের আন্ধারিগাঁও এলাকায় রাস্তার পাশ থেকে এক নবজাতক ছেলে শিশুকে উদ্ধার করা হয়েছে। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা শিশুটিকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।
সোমবার (৮ জুন ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আন্ধারিগাঁও গ্রামের নুর আলীর বাড়ির পূর্বপাশে পাকা সড়কের পাশে নবজাতক শিশুটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং শিশুটিকে উদ্ধার করেন। কে বা কারা কী কারণে নবজাতকটিকে সেখানে ফেলে রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটিকে উদ্ধার করার সময় সে জীবিত ছিল। পরে মানবিক বিবেচনায় স্থানীয়রা দ্রুত তাকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটির প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। বর্তমানে নবজাতকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারের (আরএমও) তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নবজাতক শিশুটিকে পরিত্যাগের পেছনের কারণ উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে। শিশুটির পরিচয় শনাক্ত এবং তার পরিবারকে খুঁজে বের করার চেষ্টা চলছে। স্থানীয় সচেতন মহল এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন