সরকারি প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করতে জনগণের অংশগ্রহণ জরুরি — ইউএনও তামারা তাসবিহা

খালেদ আহমেদ :
পাবনা সদর উপজেলার ৭ নম্বর ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক বাজেট ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি)-এর আওতায় রাজস্ব খাতের অর্থে পিআইসি (প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি) এর মাধ্যমে এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার (৮ জুন) দুপুর পৌনে ২টায় ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ চত্বরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামারা তাসবিহা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “রাষ্ট্র জনগণের কল্যাণে যে অর্থ বরাদ্দ দেয়, তা যেন ভুল হাতে পড়ে অপচয় না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। উন্নয়ন কাজের গুণগত মান নিশ্চিত হয়েছে কিনা, তা ইউনিয়নবাসীকেও নজরদারির মাধ্যমে যাচাই করতে হবে। রাষ্ট্রের দেওয়া সুবিধা শুধু অধিকার নয়, এর সঠিক ব্যবহার নিশ্চিত করাও নাগরিক দায়িত্ব।”
তিনি আরও বলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস এসব কার্যক্রম তদারকি করছে। এছাড়া ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বিভিন্ন বরাদ্দের মাধ্যমেও এলাকায় উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হচ্ছে। অনুষ্ঠানের পর তিনি ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ খান-এর সভাপতিত্বে ও সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির।
তিনি বলেন, “এই এলাকায় অনেক দরিদ্র ও অসহায় মানুষ রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার আন্তরিকতা ও সহযোগিতার ফলে এলাকার মানুষ উপকৃত হচ্ছেন। ভবিষ্যতেও তিনি যেন দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন, সেই প্রত্যাশা করছি।”
এ সময় আরও বক্তব্য দেন এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শামীম আলম এবং ভাঁড়ারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শেখ আব্দুল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বেলাল হুসাইন, ভাঁড়ারা আওরঙ্গবাদ হাফিজিয়া মাদরাসার সভাপতি সাদেক আলী বাবুল সরদার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী এবং শতাধিক নারী-পুরুষ।
অনুষ্ঠানের শুরুতেই ইউএনও তামারা তাসবিহা ইউনিয়ন পরিষদে পৌঁছে সহায়তা সামগ্রীর মান ও সুষম বণ্টন ব্যবস্থা পরিদর্শন করেন। তিনি পরিষদ চত্বর ঘুরে ঘুরে বিতরণের জন্য প্রস্তুত রাখা বিভিন্ন সামগ্রী পর্যবেক্ষণ করেন।
জানা যায়, প্রায় ১ কোটি টাকা ব্যয়ের প্রকল্পের মধ্যে ৭০ লাখ টাকা সড়ক উন্নয়ন কাজে টেন্ডারের মাধ্যমে ব্যয় করা হয়েছে এবং অবশিষ্ট ৩০ লাখ টাকা পিআইসি’র মাধ্যমে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণে ব্যয় করা হয়েছে।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল ভাঁড়ারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জন্য আসবাবপত্র ও প্রয়োজনীয় সরঞ্জাম, ৯ নম্বর ওয়ার্ডের উচ্চ বিদ্যালয় ও দাখিল মাদরাসার জন্য গাছের চারা, ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের প্রান্তিক কৃষকদের জন্য স্প্রে মেশিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অ্যাসেম্বলি ড্রাম সেট, ইউনিয়নের বিভিন্ন স্থানে টিউবওয়েল স্থাপন, কোলাদী দাখিল মাদরাসার জন্য উচ্চ-নিম্ন বেঞ্চ, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ফুটবল এবং আঞ্চলিক বাউল শিল্পীদের জন্য হারমোনিয়াম, ডুগি, তবলা, দোতরা, গিটার ও ঢোল।
এছাড়া ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের হতদরিদ্র নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিনও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে হলুদবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম বাদশাহ এবং কয়েকজন উপকারভোগী নারী তাঁদের আবেগঘন অনুভূতি ব্যক্ত করেন।
স্থানীয়দের মতে, এসব সহায়তা সামগ্রী বিতরণের এই উদ্যোগের মাধ্যমে দেশে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সংস্কৃতি ও নারীর ক্ষমতায়নে ইতিবাচক ভূমিকা রাখবে।