খালেদ আহমেদ :
পাবনা সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রোববার (৭ জুন) সকাল ৯টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পাবনা জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের হাড়িবাড়ীয়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির পরিদর্শক তারেক মাহমুদের নেতৃত্বে একটি অভিযানিক দল হাড়িবাড়ীয়া গ্রামে অভিযুক্তের নিজ বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং রিপন শেখ ওরফে আপাল (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক রিপন শেখ হাড়িবাড়ীয়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত হয়দার শেখের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সোহান বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় পাবনা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
