ইয়ানূর রহমান : যশোর সদরের দেয়াড়া ইউনিয়নে বজ্রপাতে রুবেল হোসেন (১২) নামে এক কিশোর নিহত হয়েছে। একই ঘটনায় আব্দুর রশিদ (৪৫) নামে এক কৃষক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তী রয়েছেন।
এছাড়া পৃথক ঘটনায় সদর উপজেলার দৌগাছিয়া গ্রামে বজ্রপাতে একটি গরুর মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) বিকেলে সদর উপজেলার চান্দুটিয়া গ্রামের পশ্চিম মাঠে এ দুর্ঘটনা ঘটে।
আহত আব্দুর রশিদকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তী করা হয়েছে ৷ নিহত রুবেল হোসেন চান্দুটিয়া গ্রামের শিপন হোসেনের ছেলে। আহত কৃষক আব্দুর রশিদ একই গ্রামের আব্দুস সালামের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুর আনুমানিক ৩টার দিকে রুবেল মাঠ থেকে বাড়ি ফিরছিল। একই সময় আব্দুর রশিদও গরু নিয়ে বাড়ির পথে ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে রুবেল ঘটনাস্থলেই মারা যায়। অন্যদিকে আব্দুর রশিদ গুরুতর আহত হয়ে মাঠে অচেতন অবস্থায় পড়ে ছিলেন।
পরে একটি পাওয়ার ট্রিলার চালক মাঠ থেকে ফেরার পথে তাকে দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। স্বজনরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।#
