রাজশাহীতে ঘুঘুর বাচ্চা ধরতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে প্রাণ গেলো কিশোরেররাজশাহীতে ঘুঘুর বাচ্চা ধরতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে প্রাণ গেলো কিশোরের

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীতে ঘুঘু পাখির ছানা ধরতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর তেরোখাদিয়া স্টেডিয়ামসংলগ্ন ফ্লাইওভারের পূর্ব পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম মো. সাজ্জাদ (১৪)। কিশোরের বাবার নাম সাজু, বাড়ি গোবিন্দগঞ্জ গাইবান্ধা জেলায়। তারা রাজপাড়া থানা এলাকার গ্রেটার রোড নতুন বিলশিমলা বন্ধগেট মসজিদের পিছনে একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের ফায়ার ফাইটার এজাহারুল ইসলাম জানান, বিদ্যুতের খুঁটির ওপরে থাকা ঘুঘু পাখির ছানা ধরতে উঠেছিল সাজ্জাদ। এ সময় খুঁটির বিদ্যুতায়িত অংশের সংস্পর্শে এসে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই খুঁটির সঙ্গে ঝুলে পড়ে কিশোরটি। পরে বেলা পৌনে ১১টার দিকে তারা এই সংক্রান্ত একটি টেলিফোন পান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা বিদ্যুৎ বিভাগের সহযোগীতায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে নিশ্চিত হলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।#