বেড়ায় মাদক ও ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

ওসমান গনি বেড়া (পাবনা)

বর্তমান সময়ে মাদক, ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের মতো ভয়াবহ সামাজিক ব্যাধি দেশের শান্তি, নিরাপত্তা ও মানবিক মূল্যবোধের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে পাবনার বেড়ায় মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
(১জুন)সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বেড়া পৌর এলাকার মোহনগঞ্জ বাজারে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে এ মানবন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ সমাজ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।সংগঠনের শুভাকাঙ্ক্ষী ইকবাল সরদার বলেন, একটি সভ্য সমাজে মাদক ও ধর্ষণের কোনো স্থান হতে পারে না। মাদক তরুণদের স্বপ্ন ধ্বংস করছে, আর ধর্ষণের মতো জঘন্য অপরাধ মানবতাকে প্রতিনিয়ত কলঙ্কিত করছে। এসব অপরাধের বিরুদ্ধে শুধু প্রশাসনের পদক্ষেপ নয়, সামাজিক প্রতিরোধ এবং জনসচেতনতা গড়ে তোলাও অত্যন্ত জরুরি।তাই আমরা যে যার স্থান থেকে এসব অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াব। উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদ হোসেন বলেন, আমরা যদি অন্যায়ের বিরুদ্ধে কথা না বলি, তাহলে আগামী প্রজন্মকে একটি অনিরাপদ সমাজ উপহার দিতে হবে। তাই প্রত্যেক নাগরিকের দায়িত্ব মাদক, সন্ত্রাস, ধর্ষণ ও সকল প্রকার সামাজিক অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়া।মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল মোহনগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেন এবং অপরাধীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তারা বলেন, সামাজিক সংগঠনগুলো যদি নিয়মিত এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে, তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে এবং তরুণ প্রজন্ম সঠিক পথে পরিচালিত হবে।একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, মানবতার কল্যাণে, সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এবং একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হোক প্রতিটি বিবেকবান মানুষের অঙ্গীকার, মাদক ও ধর্ষণমুক্ত বাংলাদেশ হোক আমাদের সবার প্রত্যাশা।