মৌলভীবাজারে ৩দিন ব্যাপি ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন

মশাহিদ আহমদ, মৌলভীবাজার : জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে, সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমিসেবা পৌঁছে দেয়া এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ দিনব্যাপী (১৯-২১ মে-২০২৬ইং) মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে ভূমিসেবা সপ্তাহে উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয় এর সামন থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক এর কার্যালয় এর সামনে গিয়ে শেষ হয়। এ মেলার উদ্বোধন করেন- মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসাঃ শাহীনা রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মামুনুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়ের, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন, মৌলভীবাজার সদর সহকারি কমিশনার (ভূমি) লুৎফুন নাহার শারমীনসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা, রাজনীতিবিদ ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন। তিনদিন ব্যাপী জেলার প্রতিটি উপজেলায় এ ভূমিসেবা মেলা চলবে। ভূমিসেবা সপ্তাহে অন্যান্য সেবাগুলোর মধ্যে রয়েছে- অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য সার্ভিস পোর্টালে রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন এবং অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানে সহযোগিতা প্রদান, ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক প্রদান, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ। এছাড়াও তাৎক্ষণিকভাবে সরবরাহ, অনলাইনে মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ করা ও ভূমিসেবা সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার সরাসরি উত্তর প্রদান করা হবে। মেলায় সেবা বুথ স্থাপনের পাশাপাশি আরও অন্যান্য সেবা প্রদান করা হবে।