পাবনায় জ্ঞানের মশাল জ্বলবে— ইমাম গাযযালিতে এমপি শিমুল বিশ্বাস

খালেদ আহমেদ :
“আমি আশাকরি এই প্রতিষ্ঠান অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে দেখা দেবে। আমার কাছে অনেক অভিভাবক জেলা স্কুল, সরকারি বালিকা বিদ্যালয় ও কালেক্টরেট স্কুলে ভর্তির জন্য আসেন। কিন্তু আমি কখনও কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করিনি। কারণ, আমি চাই কর্তৃপক্ষ নিজস্ব নিয়মে শিক্ষার্থীদের গড়ে তুলুক এবং অন্যরাও যেন হস্তক্ষেপের সুযোগ না পায়।”
এভাবেই শিক্ষার মানোন্নয়ন ও বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
তিনি বলেন, “আমি জেলা প্রশাসক মহোদয়কে বলেছি— শহরের ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটির প্রতি সমান গুরুত্ব দিতে হবে। সব প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা গেলে অভিভাবকদের আর নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানে ভর্তির জন্য দৌড়াতে হবে না। তখন পাবনায় জ্ঞানের মশাল জ্বলবে, আলোর পথ তৈরি হবে। পাবনা হবে শিক্ষা ও জ্ঞানের শহর।”
তিনি আরও বলেন, “মাওলানা আব্দুস সুবাহান এই ভাগারটিতে আলোর প্রদীপ জ্বালিয়েছেন। আমারও স্বপ্ন ছিল— দেশে একদিন বৈষম্যহীন সমাজ গড়ে উঠবে। আমরা যার যার জায়গা থেকে ভালো কাজ করে যাব।”
নিজের প্রতিষ্ঠিত ট্রাস্টের কার্যক্রম তুলে ধরে এমপি শিমুল বিশ্বাস বলেন, “আমার দাদুর নামে আহেদ আলী বিশ্বাস (এবি) ট্রাস্ট গঠন করেছি। এই ট্রাস্টের প্রধান লক্ষ্য শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া। বর্তমানে ডিগ্রি কলেজ, হাই স্কুল, কারিগরি স্কুল, কৃষি কলেজ, প্রাথমিক বিদ্যালয়, এতিমখানা ও মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। ভবিষ্যতে গরিবের চেয়েও গরিব ১০ হাজার শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষার ব্যবস্থা করার ইচ্ছা রয়েছে।”
তিনি বলেন, “আমার প্রতিষ্ঠানের চেয়েও আপনাদের এই প্রতিষ্ঠান ভালো। এখানকার খালি জায়গায় পরিকল্পিত বড় অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হলে আমি সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো।”
ইমাম গাযযালী ট্রাস্ট ও ইমাম গাযযালী গার্লস স্কুল এন্ড কলেজ, পাবনার আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা ও মোবাইল অ্যাপ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রোববার (১৭ মে) সকাল ১১টায় স্কুলের হলরুমে ঘন্টাব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও বিশিষ্ট শিক্ষাবিদ হিসেবে এমপি শিমুল বিশ্বাসকে ফুলের তোড়া ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে ল্যাপটপের বাটন চেপে তিনি প্রতিষ্ঠানের মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন করেন।
মোবাইল অ্যাপের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সহজ ও দ্রুত যোগাযোগ নিশ্চিত হবে। উপস্থিতি, অনলাইন ফি প্রদান, নোটিশ, অ্যাসাইনমেন্ট ও পরীক্ষার ফলাফলসহ বিভিন্ন তথ্য ঘরে বসেই জানা যাবে। এতে শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, সময় সাশ্রয় ও প্রযুক্তিনির্ভর স্মার্ট শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।
সহকারী শিক্ষক আব্দুল মান্নান ভূঁইয়া এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইমাম গাযযালী ট্রাস্ট ও ইমাম গাযযালী গার্লস স্কুল এন্ড কলেজ, পাবনার সভাপতি আলহাজ্ব আবুল কাশেম এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ সুরাইয়া সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন, নুর মোহাম্মদ মাসুম বগা, সাবেক ক্রীড়া সম্পাদক এনামুল হক এনাম,আহেদ আলী কলেজের অধ্যক্ষ মোঃ মুন, ইমাম গায্যালি ট্রাষ্টের সদস্য নুরুল ইসলাম, এডি সফট ঢাকার ইঞ্জিনিয়ার শরীফ বদ্রুজ্জামান, বিজনেস ডেভলপমেন্টের পরিচালক তাওহিদ আজিম, প্রতিষ্ঠানের সকল শিক্ষক—শিক্ষিকা, হল ভর্তি শিক্ষার্থী এবং মাই টিভি পাবনার জেলা প্রতিনিধি নাহিদ মিথুনসহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।