অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল)প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়ায় মসজিদের পাশে পরিত্যক্ত স্থানে ফেলে রাখা হাতবোমা সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার ২৮ নভেম্বর দুপুরে উপজেলার গৈলা ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের নুর-এ মদিনা মসজিদ-সংলগ্ন এলাকা থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের সহযোগিতায় আগৈলঝাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তু দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ধর্মীয় উপাসনালয়ের পাশে এমন বিস্ফোরক সদৃশ বস্তু পাওয়ার ঘটনায় এলাকায় তীব্র উদ্বেগ, ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, এটি নিছক কাকতালীয় ঘটনা নয় — পরিকল্পিতভাবে আতঙ্ক ছড়ানো এবং এলাকায় অস্থিরতা তৈরির চেষ্টা হতে পারে।
পুলিশের প্রাথমিক ধারণা, সম্ভাব্য নাশকতা এবং জনমনে ভীতি সৃষ্টির উদ্দেশ্যেই বস্তু দুটি সেখানে রাখা হয়েছিল। এ ঘটনার পেছনে কারা জড়িত, কোনো নিষিদ্ধ সংগঠন বা দুষ্কৃতকারী চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না- তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ স্পষ্ট জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবেনা। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির মুখোমুখি করা হবে। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
