ভারতে পাচারের আগে বগুড়ায় কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

সঞ্জু রায়, বগুড়া:
বগুড়ার শিবগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ৩১ কেজি ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে শিবগঞ্জ উপজেলার গড়মহাস্থান দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়। ডিবি পুলিশের দাবি, উদ্ধার হওয়া মূর্তিটি ভারতে পাচারের প্রস্তুতি চলছিল।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- গড়মহাস্থান দক্ষিণপাড়ার রফিকুল ইসলাম ও বগুড়া সদর উপজেলার নিশিন্দারা পশ্চিমপাড়ার নাহিদুর রহমান। বুধবার দুপুরে জেলা গোয়েন্দা শাখার কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে ডিবির ইনচার্জ ইকবাল বাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন শিবগঞ্জের গড়মহাস্থান এলাকায় একটি বাড়িতে মূল্যবান কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি রাখা হয়েছে। পরে জেলা গোয়েন্দা শাখার একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় তাদের প্রধান ঘরের খাটের ওপর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বিষ্ণুমূর্তিটির দৈর্ঘ্য ৩০ ইঞ্চি, প্রস্থ ১৪ ইঞ্চি এবং ওজন ৩০ কেজি ৭০০ গ্রাম বলে জানান তিনি। প্রাথমিকভাবে জানা গেছে, এটি ভারতে পাচারের পরিকল্পনা ছিল। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, উদ্ধার হওয়া মূর্তিটির প্রকৃত ঐতিহাসিক মূল্য ও উৎস যাচাইয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করা হবে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় চোরাচালানবিরোধী আইনে মামলা করা হয়েছে।