আগৈলঝাড়ার আস্কর হাটের ব্রিজ ভেঙে দশ সহস্রাধিক লোক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে চরম দুর্ভোগ

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়া উপজেলার আস্কর কালিবাড়ি নতুন হাট সংলগ্ন উত্তরপাশের ব্রিজ দীর্ঘদিন ধরে ভেঙে চলাচল অনুপযোগী হয়ে পরেছে।
ফলে আশপাশের ৮-১০টি গ্রামের দশ সহস্রাধিক লোকের উপজেলা সদরসহ স্কুল-কলেজ-মাদ্রাসার দুই হাজার শিক্ষার্থীর বিভিন্নস্থানে দৈনন্দিন যাতায়াত সমস্যাসঙ্কুল হয়ে পরেছে। এবিষয়ে গত ১ ডিসেম্বর, ২০২৫ ইং উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এলজিইডি বিভাগে আবেদন করা হলেও সেখান থেকে কোন সন্তোষজনক রেজাল্ট পাওয়া যায়নি।
স্থানীয়দের অভিযোগ, ওই সময় ব্যবস্থা নেওয়া হলে আজ ব্রিজটি এভাবে ভেঙে চলাচল অনুপযোগী হয়ে পরতো না।
গতকাল ৬ মে, বুধবার সরেজমিনে আস্কর গেলে দেখা যায় যে, ব্রিজটির মাঝখানে এমনভাবে ভেঙে পরেছে যে, একটি মালবাহী মাহিন্দ্রা
পারাপারের সময় সেই ভাঙা অংশে আটকা পরেছে। স্থানীয়রা বহু চেষ্টা করেও সেটিকে সরাতে পারেনি।
হাটের ব্যবসায়ী শফিকুল ইসলাম ফারুক বলেন, গত ১ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ব্রিজ সংস্কারের আবেদন করা হলেও অদ্যাবধি কোন ব্যবস্থা না হওয়ায় হাটে দূরদূরান্ত থেকে আগত ব্যবসায়ীদের মালামাল নিয়ে আসা অসম্ভব হয়ে পরছে।
আস্কর হাট ব্যবসায়ী সমিতির সভাপতি গৌতম হালদার সাংবাদিকদের জানান, সপ্তাহে দুইদিন বাজারে হাট বসে। যদি দ্রুত ব্রিজটি সংস্কার না করায় দূরদূরান্তের কোন ব্যবসায়ী মালামাল নিয়ে হাটে আসতে পারবেনা। পাশাপাশি দূরের জমির ইরিধান কৃষকদের বাড়িতে নেওয়া সম্ভব হচ্ছেনা। আশপাশের ৮-১০টি গ্রামের ১০ হাজার লোক এবং স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থীদের চলাচল ব্যাহত হচ্ছে। লোকজন
যাতায়াত করতে না পারলে এই হাটটি অচিরে ধ্বংস হয়ে যাবে।

এবিষয়ে বাগধা ইউপি’র ৮নং ওয়ার্ডের মেম্বর প্রদীপ বাড়ৈ সাংবাদিকদের বলেন, আমাদের ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যানের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা প্রকৌশলীকে অবগত করেছি। তারা দ্রুত ব্যবস্থা নেবার আশ^াস দিয়েছেন।
এবিষয়ে উপজেলা প্রকৌশলী রবীন্দ্র নাথ চক্রবর্তীর সাথে আলাপ করলে তিনি বলেন, আস্কর হাটের ওই ব্রিজের বর্তমান অবস্থা সম্পর্কে শুনেছি। সরেজমিনে পরিদর্শন করে সংস্কার করার জন্য উর্ধতন কর্মকর্তার কাছে লিখিতভাবে জানাবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক বলেন, বিষয়টি আমি শুনেছি এবং উপজেলা প্রকৌশলীকে সরেজমিনে পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণের জন্য বলেছি।