খানসামায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত

এস. এম. রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মে) বিকেলে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে খানসামা ডিগ্রি কলেজ মাঠে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহজাহান সিদ্দিক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির তালুকদার, জেলা বিএনপির অর্থনৈতিক সম্পাদক ও ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শিক্ষা বিভাগের সংশ্লিষ্টরা।

ফাইনাল খেলায় বালক গ্রুপে খানসামা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা গ্রুপে আলোকঝাড়ী-২ সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

শেষে অতিথিরা বিজয়ী দলগুলোর মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।