যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) একটি নতুন প্রস্তাব দিয়েছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা শুক্রবার (১ মে) এ তথ্য জানিয়েছে।
সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, এই পদক্ষেপটি ইরান যুদ্ধ শেষ করার প্রচেষ্টায় যে অচলাবস্থা তৈরি হয়েছিলো সেটি ভাঙার সম্ভাবনা বৃদ্ধি করছে।
ইরনা বিস্তারিত কিছু জানায়নি, তবে তাদের এই প্রতিবেদনের পর বিশ্বব্যাপী তেলের দাম কমে গেছে, যা হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ শুরুর পর থেকে তীব্রভাবে বেড়েছিল।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং ইরান একে অপরকে ক্রমাগত হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। আরেক দফা যুদ্ধের আশঙ্কায় পুরো অঞ্চলজুড়ে এখন চরম উত্তেজনা বিরাজ করছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, ইরান যুদ্ধ এবং আঞ্চলিক অস্থিতিশীলতার ফলে সৃষ্ট পরিস্থিতি ‘প্রতি ঘণ্টায় দ্রুত আরও খারাপ’ হচ্ছে।
সূত্র: টাইমস অফ ইসরায়েল, রয়টার্স
