সড়ক দুর্ঘটনায় আহত ভাঙ্গুরা সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজের শিক্ষকের মৃত্যু

পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় আহত এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে বুধবার সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের উথলী নামক স্থানে ফায়ার সার্ভিস অফিসের সামনে দুর্ঘটনায় তিনি ও তার স্ত্রী আহত হন।

নিহত হুমায়ুন কবির মুক্তা (৪৭) ভাঙ্গুড়া উপজেলার পাথরঘাটা গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে। তিনি ভাঙ্গুরা সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজের একাউন্টিং বিভাগের প্রভাষক। দুর্ঘটনায় তার স্ত্রী উর্মি আহত হয়েছেন।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, ‘বুধবার সকালে ভাঙ্গুরা থেকে সিএনজিযোগে টেবুনিয়ার উদ্দেশ্যে রওনা দেন মুক্তা দম্পতি। তারা মথুরাপুর ইউনিয়নের উথলী নামক স্থানে ফায়ার সার্ভিস অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস সিএনজিকে চাপা দেয়। এতে হুমায়ুন কবির তার স্ত্রী উর্মী গুরুতর আহত হয়। সে সময় ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার হুমায়ুন কবির বলেন, ‘আহত মুক্তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশ আঘাতপ্রাপ্ত হয়। মুক্তা এবং তার স্ত্রী উর্মিকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।’

হুমায়ুন কবির মুক্তার মামা সাংবাদিক মাহবুব উল আলম বাবলু বলেন, ‘তিনি কিডনি রোগে আক্রান্ত ছিল, ডায়ালাসিস করার জন্য রাজশাহী যাচ্ছিল। সড়ক দুর্ঘটনার পর গুরুতর আহত মুক্তা বৃহস্পতিবার সকালে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার দুটি মেয়ে রয়েছে।’
প্রভাষক মোঃ হুমায়ুন কবির মুক্তার নামাযে জানাযা আজ বৃহস্পতিবার ৩০ এপ্রিল রাত নয়টায় ৯:০০ টায় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।