খালেদ আহমেদ :
পাবনা সদর উপজেলার দোগাছী এলাকায় প্রতিপক্ষের বিরুদ্ধে বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর, লুটপাট ও নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আবুল কাসেম বাদী হয়ে পাবনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দোগাছী ইউনিয়নের চর কোষাখালী লঞ্চঘাট এলাকার বাসিন্দা আবুল কাসেমের বাড়িতে ঢুকে স্থানীয় মৃত লালনের স্ত্রী মোছাঃ জহুরা (৪৫), জহুরার মেয়ে মোছাঃ চুমকি (৩০) ও চুমকির ভাই মোঃ জহুরুল (২৫) মূল্যবান জিনিসপত্র চুরিকরা, গাছপালা কেটাসহ বিভিন্ন রকম ক্ষতি সাধন করে আসছে। এরই জেরে গত ২২ আগস্ট রাত আনুমানিক ১১টার দিকে জহুরা,চুমকি ও জহুরুলসহ ৬-৭ জনের একটি দল দেশীয় অস্ত্রসহ তার বসতবাড়িতে প্রবেশ করে।
অভিযোগে বলা হয়, অভিযুক্তরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। এ সময় বাধা দিতে গেলে ভুক্তভোগী পরিবারের সদস্যদের মারধর করা হয়। বিশেষ করে, তার স্ত্রী ও মেয়েকে মারধর এবং শ্লীলতাহানির অভিযোগও উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, হামলাকারীরা তার মেয়েকে টেনেহিঁচড়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং স্ত্রীকে মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় আবুল কাসেম বলেন, “আমার পরিবারকে পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়েছে। আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।” তিনি অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে পাবনা সদর থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দ্রুত সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
