ভূমি অফিসে হয়রানি বন্ধে রাজশাহীতে অভিযোগ দিলেই ব্যবস্থা

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহী বিভাগে ভূমি অফিসে সেবা নিতে গিয়ে সাধারণ মানুষের ভোগান্তি ও হয়রানি কমাতে চালু হয়েছে নতুন অভিযোগ ব্যবস্থাপনা সেবা। এই সেবার মাধ্যমে যে কোনো নাগরিক সহজেই অভিযোগ জানাতে পারবেন এবং তা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১২টার দিকে রাজশাহী নগরের বোয়ালিয়া ভূমি অফিসে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ভূমি সেবা নিতে গিয়ে এখনো অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। এই পরিস্থিতি দূর করে জনগণকে দ্রুত ও সহজে কাঙ্ক্ষিত সেবা দেওয়াই প্রশাসনের প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, নতুন এই ব্যবস্থার আওতায় সেবাগ্রহীতারা যেকোনো ভূমি অফিসে সরাসরি অভিযোগ দাখিল করতে পারবেন। প্রতিটি অভিযোগ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এতে করে ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং জনগণ হয়রানিমুক্ত পরিবেশে সেবা পাবে। জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম সাধারণ মানুষের মধ্যে এই সেবার বিষয়ে ব্যাপক প্রচারের ওপর গুরুত্বারোপ করে বলেন, মানুষ যদি এ বিষয়ে সচেতন হয়, তবে তারা সহজেই তাদের ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান পাবে এবং সেবা গ্রহণে আর কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হবে না। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা অভিজিৎ সরকার, সহকারী কমিশনার (ভূমি) বোয়ালিয়া আরিফ হোসেন এবং কানুনগো নিশিথ কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। জেলা প্রশাসন জানিয়েছে, রাজশাহী বিভাগীয় কমিশনারের বিশেষ উদ্যোগে এ কার্যক্রম চালু করা হয়েছে। পর্যায়ক্রমে রাজশাহী বিভাগের প্রতিটি ভূমি অফিসে এ সেবা বাস্তবায়ন করা হবে।#