সাঁথিয়া প্রতিনিধি: পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নে একটি ভূমি অফিসের অভাবে ইউনিয়নবাসী দীর্ঘ দিন ধরে দুর্ভোগের স্বীকার হচ্ছে। অফিসটি না থাকায় নন্দনপুরবাসীকে দুরবর্তী আতাইকুলা ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে জমি সংক্রান্ত যাবতীয় কাজ করতে হচ্ছে। এতে সময় ও অর্থের ব্যাপক অপচয় হচ্ছে বলে স্থানীয়রা দাবি করছেন।
এ দিকে সরকারের নিকট ইউনিয়ন ভূমি অফিস স্থাপনের জন্য সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসের নিকট লিখিত আবেদন করেছেন এলাকাবাসী। আবেদনে বলা হয়েছে নন্দনপুর ইউনিয়ন পরিষদের সামনে সরকারি ১ নং খতিয়ান ভুক্ত ৩১ শতাংশ জমি রয়েছে। এ জমির উপর স্থানীয়রা ভূমি অফিস স্থাপনের জোর দাবি জানান।
জানাযায়, উপজেলার নন্দনপুর মৌজার সিএস খতিয়ান নং৪৭৬। এস,এ খতিয়ান ও আর, এস খতিয়ান ১ নং ভুক্ত। সাবেক দাগ নং১৬১৭, আর, এস দাগ নং ২৮০৬।
আবেদনকারীদের দাবি ১ নং খতিয়ান ভুক্ত হওয়ার পরে উক্ত জমিতে হাটবাড়িয়া গ্রামের মৃত জবেদ আলীর শেখের ছেলে আরদোশ আলী ও তার ছেলেরা খাস জমিতে পাকা দোকান নির্মান করেছে। যার দীর্ঘ সময় দখল করে রাখার জন্য দখলদাররা বার বার নামি বেনামি ব্যক্তিকে দিয়ে সরকারের বিরুদ্ধে মামলা করে আসছে।
অপর দিকে উক্ত জমিতে ভূমি অফিস স্থাপনের জন্য প্রস্তাবনা পাঠান।
এলাকাবাসীর পক্ষে মোস্তাফিজুর রহমান, নজরুল ইসলাম ও রেজাউল করিম সুজন জানান, নন্দনপুর ইউনিয়নের মধ্যবর্তী এলাকা ও ইউনিয়ন পরিষদ সংলগ্ন হওয়ায় হাটবাড়িয়া মৌজার সরকারি জমিতে ভূমি অফিস স্থাপন করা হোক। এতে জনগনের হাতের নাগালে ভূমি সেবা পাবে। তারা জানান, দুরবর্তী স্থানে ভূমি সেবা গ্রহণ করতে অতিরিক্ত খরচ ও সময় ব্যায় হয়। দুর্ভোগের স্বীকার হই ইউনিয়নবাসী।
দখলদার জয়নাল আবেদীন জানান, জমিটি আমরা দলিল মূলে ক্রয় করেছি। সরকার জমি খাস খতিয়ান মূলে দখল করলে আমরা বিক্রয়কারীর নিকট ক্ষতিপূরণ চাইবো।
সাঁথিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল রহমান জানান, বিষয়টি আমরা আইনি প্রক্রিয়ায় দেখার চেষ্টা করছি।
