তানজিম হাসান সাকিবকে ফিরিয়ে তৃতীয় ওয়ানডের জন্য দল ঘোষণা করলো বিসিবি

পেসার তানজিম হাসান সাকিবকে নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ সদস্যের স্কোয়াডে যুক্ত হয়েছেন তানজিম হাসান সাকিব। তবে আগের দুই ওয়ানডের স্কোয়াড থেকে বাদ পড়েননি কেউ।

আগামী বৃহস্পতিবার তৃতীয় ও শেষ ম্যাচের জন্য ২৩ বছর বয়সী এ পেসারকে দলে ফেরানো হলো। আবুধাবিতে গত বছরের অক্টোবরে বাংলাদেশের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেন তানজিম।

বিপিএলের পরপরই পিঠের ইনজুরিতে পড়েন তানজিম। পিঠের চোট থেকে সেরে না ওঠায় গত মাসে অনুষ্ঠিত পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে ছিলেন না তানজিম। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতেও তার জায়গা হয়নি দলে।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তৃতীয় ওয়ানডে। ম্যাচটি শুরু হবে বেলা ১১টা থেকে।

তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা ও তানজিম হাসান।