সিংড়ায় বৈদ্যুতিক শকে দুই কৃষকের মৃত্যু

নাটোর প্রতিনিধি.
নাটোরের সিংড়ায় বৈদ্যুতিক শকে পৃথক স্থানে দুই কৃষকের মৃত্যু হয়েছে। নিহত দুই কৃষক হলেন উপজেলার চৌগ্রাম ইউনিয়নের নিমাকদমা গ্রামের মৃত সুকুমার এর ছেলে সুমন কুমার (৩৫) ও চামারী ইউনিয়নের মহিষমারী কাচারীপাড়ার শহিদ মোল্লার ছেলে সজল মোল্লা (২৪)। নিজ জমিতে বিদ্যুৎ চালিত সেচ মোটরে সংযোগ দিতে গিয়ে তাদের এই মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কৃষক সজল মোল্লা সোমবার সকাল ৮ টায় তার নিজ বসতবাড়ির পাশে ফসলি জমির মোটরে সংযোগ দিতে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে রোববার সন্ধ্যায় কৃষক সুমন কুমার বাড়ির পাশের তার লিজকৃত পুকুরে পানি সেচের জন্য বিদ্যুৎ চালিত মোটরে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে গুরুতর আহত হন। তাকেও উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এই ঘটনায় থানায় দুটি পৃথক অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।