ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টির শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। শুক্রবার (১৭ এপ্রিল) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষর করা ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। দেশের অন্যান্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দু-এক এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া আগামী পাঁচ দিনে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
