পাবনা প্রতিনিধি:
বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড)-এর বর্ণাঢ্য আয়োজনে পাবনার বেড়া উপজেলার চর নাকালিয়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে ভিন্নধর্মী বৈশাখী উৎসব ও জ্ঞান মেলা। শনিবার (১১ এপ্রিল) দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে চিড়া, মুড়ি-মুড়কি, খই ও বাতাসাসহ নানা ধরনের লোকজ খাদ্যদ্রব্য দিয়ে অতিথিদের বরণ করা হয়। পরে পেঁচাকোলা ও চর নাকালিয়া কমিউনিটির সদস্যদের অংশগ্রহণে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।
ব্রেড-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. শহিদুল ইসলাম স্বাগত বক্তব্যের পাশাপাশি সমাপনী বক্তব্যও প্রদান করেন। এ সময় পেঁচাকোলা কমিউনিটির সদস্য মারুফা, দিলরুবা, আরিফুল ও শ্রাবন্তি নিজেদের আত্মবিশ্বাস ও শেখার অভিজ্ঞতা তুলে ধরেন। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় মোহনা, মাইশা ও আঁখি। “নিজেদের শক্তি ব্যবহার করে পরিবর্তন” শীর্ষক নাটিকায় অভিনয় করেন টিম টাইগারের মুরাদ, আকাশ ও সরোয়ার।
অনুষ্ঠান সমন্বয় করেন ব্রেড-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. আশিকুর রহমান এবং ডেপুটি ডিরেক্টর হুমায়রা ইয়াসমিন পিয়া। সঞ্চালনায় ছিলেন চর নাকালিয়া কমিউনিটির সদস্য মোছা. সাদিয়া খাতুন। সহযোগিতা করেন সল্ট ফ্যাসিলিটেটর বায়েজিদ বোস্তামী।
জ্ঞান মেলায় বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ বিশেষ আকর্ষণ হিসেবে স্থান পায়। এর মধ্যে ছিল—রাস্তা মেরামত উদ্যোগ, শিশুদের খেলাধুলা ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম এবং ডাস্টবিন স্থাপন ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার উদ্যোগ। এসব কার্যক্রমে অংশগ্রহণ করে কৃষ্ণচূড়া, যমুনা, টিয়া, জবা ও টিম টাইগার দল।
এছাড়া “অন্যান্য কমিউনিটির কণ্ঠে পরিবর্তন: বাংলাদেশ কোহর্টের গল্প” শীর্ষক উপস্থাপনা করেন কোহর্ট পার্টনার কমিউনিটি এপিসি বাংলাদেশের সদস্যরা।
দিনব্যাপী এই আয়োজনে ছিল লোকজ জারি গান, কবিতা আবৃত্তি, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী গ্রামীণ লাঠিখেলা। অতিথি আপ্যায়ন ও সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আয়োজকদের মতে, মেলার মূল লক্ষ্য ছিল জ্ঞান ভাগাভাগি, অভিজ্ঞতা বিনিময় এবং কমিউনিটি নেতৃত্বের বিকাশের মাধ্যমে টেকসই পরিবর্তনের পথে এগিয়ে যাওয়া।
