বর্তমান সরকার জনগণের কাছে দেয়া প্রত্যেকটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে পূরণ করবে –দুলু

নাটোর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বিএনপি সরকার জনগণের কাছে দেয়া প্রত্যেকটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে পূরণ করতে বদ্ধপরিকর। তিনি বলেন নির্বাচনের ১ মাসের মধ্যেই সরকার প্রধান প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম এবং ইমাম মোয়াজ্জিন ও অন্যান্য ধর্ম গুরুদের ভাতা প্রদান কার্যক্রম শুরু করেছেন। এছাড়া প্রতিশ্রুতি অনুযায়ী শহীদ জিয়ার যুগান্তকারী খাল খনন কর্মসূচিও সরকার ইতোমধ্যেই শুরু করেছেন। দুলু আরো বলেন, আগামী পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড বিতরণের কার্যক্রম সরকার শুরু করতে যাচ্ছে। কৃষক কার্ডের মাধ্যমে
প্রান্তিক কৃষক বীজ সার ও কীটনাশক বিনামূল্যে পাবেন। এরই মধ্যে সরকার কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফের সিদ্ধান্ত ঘোষণা করেছেন।
দুলু মঙ্গলবার (২৪ মার্চ) নাটোর জেলা পরিষদ কার্যালয় চত্বরে নাটোর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজের সংবর্ধনা
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনায় বিশেষ অতিথি
হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম আনু, নাটোরের পুলিশ সুপার মোঃ আব্দুল ওয়াহাব, জেলা পরিষদের নব নিযুক্ত
প্রশাসক জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ ও নাটোর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান আসাদ।