বিশেষ প্রতিনিধি :
নিজস্ব অর্থায়নে বিভিন্ন মানবকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসা স্বেচ্ছাসেবী সংগঠন দালিফ ফাউন্ডেশন-এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টায় শহরের হামিদ রোড সংলগ্ন গোপালপুর বকুল লেনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
দালিফ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কল্যাণে কাজ করে আসছে। সংগঠনটি নিজ অর্থায়নে বয়ঃসন্ধিকালে ভুল পথে পরিচালিত হওয়া শিশুদের সমস্যা নিরসনে সাইকিয়াট্রিস্টের মাধ্যমে কাউন্সেলিং, মাসব্যাপী পথচারীদের ইফতার করানো, বৃক্ষরোপণ, ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ, খাদ্য সহায়তা প্রদান, গরম মৌসুমে শরবত ও সাবমার্সিবলের ঠান্ডা পানি পান করানোসহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি চিড়া, আখের গুড়সহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ ও অসহায়দের সহায়তা প্রদান করে আসছে।
এবারের ঈদে ৫০ জন উপকারভোগীর মাঝে মুরগি, চিনি, পোলাওয়ের চাল, সয়াবিন তেল, লবণ, গুড়া দুধ, সেমাই, পেঁয়াজ, রসুন, আদা ও মসলা ক্রয়ের জন্য নগদ ১০০ টাকাসহ প্রতিজনকে ১ হাজার ১০০ করে মোট ৫৫ হাজার টাকার সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব আবুল আহসান খান রেয়ন। তিনি বলেন, আমার চাচা শ্বশুর বীর মুক্তিযোদ্ধা মরহুম রফিকুল ইসলাম বকুল আজ আমাদের মাঝে না থাকলেও তার সৎকর্মের জন্য মানুষের হৃদয়ে অমর হয়ে আছেন। একইভাবে দালিফ ফাউন্ডেশনও নানা মহৎ উদ্যোগের মাধ্যমে মানুষের ভালোবাসা ও দোয়া অর্জন করেছে। তিনি বলেন, এ সংগঠনকে এমন একটি অবস্থানে নিয়ে যেতে হবে, যাতে ভবিষ্যতে এর কার্যক্রম পরিচালনায় কারো ওপর নির্ভর করতে না হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ফরিদুল ইসলাম খোকন Faridul Islam Khokon বলেন, দালিফ ফাউন্ডেশন মানবকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে শিগগিরই Autism Spectrum Disorder– অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার অর্থাৎ স্নায়বিক বিকাশজনিত সমস্যায় আক্রান্ত শিশুদের জন্য একটি অটিস্টিক স্কুল চালু করার উদ্যোগ গ্রহণ করেছে। তিনি এ মহৎ উদ্যোগ বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
সংগঠনের কার্যনির্বাহী সদস্য ও রূপান্তর সাংস্কৃতিক গোষ্ঠী পাবনার সভাপতি সহকারী অধ্যাপক দেওয়ান মাযহার মুন্নুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মিরাক্কেল স্টার জামিল আহমেদ, গণশিল্পী সংস্থার সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব ভৌমিক এবং সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ।
উপকারভোগী কৃঞ্চপুরের বাসিন্দা জান্নাতুল ফেরদৌস বলেন, “আমরা শুধু আর্থিক সহায়তাই নয়, প্রয়োজনীয় পরামর্শও পেয়ে থাকি। এতে সমাজ উপকৃত হচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব হচ্ছে।” তিনি এ সংগঠনের দীর্ঘায়ু কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিল হোসেন পায়েল ও খন্দকার রায়হানুল হাবিব, কোষাধ্যক্ষ ফজলে রাব্বি ফারুক, সদস্য সুলতান আহমেদ খান বাবু, মরহুম দালিফের সহপাঠী শিক্ষার্থী শাহরিয়ার ইসলাম রওনক ও তানভীর রহমানসহ উপকারভোগী ৫০টি পরিবারের নারী-পুরুষ।
উল্লেখ্য, সংগঠনের উদ্যোগে চলতি রমজান মাসে ঘোড়াস্ট্যান্ড সাংস্কৃতিক চত্বরে শহরের বাইরে থেকে ঈদের কেনাকাটার জন্য আসা প্রতিদিন ৩০ থেকে ৪০ জন পথচারীকে খেজুর, শসা, কলা, তরমুজ, বাঙ্গি, ছোলা, মুড়ি, বিভিন্ন ধরনের বরা ও শরবত দিয়ে বসিয়ে ইফতার করানো হচ্ছে।
