পাবনায় খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার

খালেদ আহমেদ :
পাবনায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনায় আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ মার্চ) বিকাল থেকে পাবনা শহরের শিবরামপুর পানির ট্যাংক পুকুরপাড়ে মনোরম পরিবেশে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সদস্য সেলিম আহমেদের সভাপতিত্বে এবং ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমানের সার্বিক সহযোগিতা ও আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ডা. আহমেদ মোস্তফা নোমান বলেন, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। তিনি উপস্থিত সকল অতিথিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, গত ২৪ বছর ধরে ধারাবাহিকভাবে এই স্থানে ইসলামি জালসা অনুষ্ঠিত হয়ে আসছে। সেই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবছরও এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যায়ের বিরুদ্ধে তিনি কঠোর অবস্থানে রয়েছেন। শিক্ষিত ও নিরাপদ পাবনা গড়ে তুলতে তিনি কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে পাবনা সদর পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির, এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক লুৎফর রহমান, বুলবুল কলেজের অধ্যক্ষ অধ্যাপক বাহেজ উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মির্জা আজিজুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবির হাসান বাচ্চু, সদর হাসপাতালের সহকারী পরিচালক রফিকুল ইসলাম রিমন, পাবনা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, পাবনা প্রেসক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. মলয় কুমার দাস, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামান খান, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট, কবি ও লেখক আলমগীর কবীর হৃদয়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এছাড়াও অনুষ্ঠানে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ প্রায় পাঁচ শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন শিবরামপুর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ শামীম এহসান। ইফতারের আগে দোয়া পরিচালনা করেন আরিফপুর সদর গোরস্থান জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. সিবগাতুল্লাহ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক একেএম ইমরান মানিক।