পাবনায় টাটা মটরসের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

খালেদ আহমেদ :
নিটল মটরস লিমিটেড ও দাদু মটরসের যৌথ উদ্যোগে পাবনার গাছপাড়া মোড়ে নিটল মটরস শোরুম প্রাঙ্গণে টাটা মটরসের দোয়া, ইফতার মাহফিল, র‍্যাফেল ড্র ও গাড়ি প্রদর্শনি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল থেকে আলোচনা, নতুন মডেলের গাড়ি প্রদর্শনী, দোয়া, ইফতার গ্রহন ও নৈশভোজের মধ্য দিয়ে প্রাণবন্ত পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির। তিনি বলেন, পরিবহন খাত দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এই খাতকে টিকিয়ে রাখতে পরিবহন মালিক, চালক ও সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্রধান অতিথি আরও বলেন, ফেরিঘাটের শৃঙ্খলা, ওজন স্কেল স্থাপন বা জ্বালানির দাম নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই। সরকারের নীতিমালা মেনে চললে এবং মানসম্মত যানবাহন ব্যবহার করলে পরিবহন খাত আরও শক্তিশালী হবে। এসব বিষয়ে সরকারি বিভিন্ন সভা ও বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিনি অবহিত করেছেন বলেও জানান।
তিনি টাটা মটরসের গাড়ির গুণগত মান, নির্ভরযোগ্যতা ও বিক্রয়োত্তর সেবার প্রশংসা করে বলেন, উন্নত প্রযুক্তি ও সাশ্রয়ী জ্বালানি ব্যবস্থার কারণে পরিবহন মালিকদের কাছে এসব গাড়ির গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাদু মটরসের স্বত্বাধিকারী ও আঞ্চলিক টাটা ডিলার রেজাউল কবির শরিফ।
সেলস ব্রাঞ্চ ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) জুবায়ের আহমেদ জিতুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সেভেন স্টার ফিস প্রসেসিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান আলহাজ এমদাদ হোসেন মধু। স্বাগত বক্তব্য দেন এরিয়া সেলস ম্যানেজার হারিস জমাদ্দার।
এ সময় সেভেন স্টার ফিস প্রসেসিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ হোসেন লালু, ট্রাক মালিক সাইদুর রহমান শিশির, সি লাইন পরিবহনের মো. সেলিম, আরএমআর গ্রুপের ডিজিএম আবুল বাশার মামুন, পাবনা জেলা টাটা এসপিডি মঈন খানসহ জেলার বিভিন্ন অঞ্চলের অর্ধশতাধিক ট্রাক মালিক, পরিবহন ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
ইফতার শেষে পবিত্র নামাজ আদায়ের পর অনুষ্ঠিত হয় আকর্ষণীয় র‍্যাফেল ড্র। এতে বিজয়ীদের মাঝে বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া মোট ১০ জন অংশগ্রহণকারীকে উন্নতমানের জায়নামাজ উপহার প্রদান করা হয়।
ইফতারির আগে দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি রেজাউল কবির শরিফ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন টাটা এসপিডি আবু তালেব। পরে অতিথিবৃন্দ ফিতা কেটে ও পটকা ফুটিয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং শোরুমে নতুন মডেলের গাড়ি পরিদর্শন করেন।
অনুষ্ঠানে জ্বালানি সাশ্রয়ী ইঞ্জিন সমৃদ্ধ নতুন মডেলের ১২১২ সিআরএক্স ম্যাক্স ট্রাক সরাসরি প্রদর্শন করা হয়। পাশাপাশি প্রজেক্টরের মাধ্যমে গাড়িটির বিভিন্ন বৈশিষ্ট্য, কর্মক্ষমতা ও সুবিধা সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করা হয়।