সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় আইসক্রিম বাকীতে বিক্রি না করায় বিক্রেতা দুলাল হোসেনকে পিটিয়ে জখম ও তার হাত ভেঙে দিয়েছে। আহত দুলাল পাবনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার গাঙ্গুহাটি গ্রামে।
থানায় অভিযোগ ও ভুক্তভোগী সুত্রে জানা যায় গত ৭ মার্চ শনিবার বিকালে উপজেলার মাহমুদপুর গ্রামের দুলাল হোসেন ফেরি করে আইসক্রিম বিক্রি করতে গেলে গাঙ্গুহাটি গ্রামের রমজান আলীর ছেলে সাব্বির হোসেন বাকীতে আইসক্রিম চান। দুলাল বাকীতে আইসক্রিম না দিলে কথা কাটাকাটির এক পর্যায়ে সাব্বির ও তার সহযোগী কাঠের বাটাম ও বাঁশ দিয়ে পিটিয়ে জখম করে এবং বাম হাত ভেঙে দেয়। দুলালের কাছে থাকা উনিশ হাজার টাকা তারা ছিনিয়ে নিয়ে যায়। দুলালের চিৎকারে লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। দুলালকে উদ্ধার করে পাবনা হাসপাতালে ভর্তি করে। দরিদ্র দুলাল হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুলালের স্ত্রী রেখা খাতুন বাদী হয়ে আতাইকুলা থানার সাব্বিরসহ দুইজনকে আসামী করে থানার অভিযোগ দায়ের করেন।
আতাইকুলা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জামিরুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে। অন্যায়কারীকে ছাড় দেয়া হবে না।
