ওসমান গনি বেড়া (পাবনা)
পাবনার বেড়ায় এস আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস থেকে ১০ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। (২৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার রাত ১০টায় বেড়া বাজারে গোপন সংবাদের ভিত্তিতে এস আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।জানা যায়, ওই কুরিয়ার সার্ভিসের গোডাউন থেকে ২২ বস্তা নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা।অভিযান সূত্রে আরও জানা যায়, ঘটনার সময় ভ্রাম্যমাণ আদালত কুরিয়ার সার্ভিসের অফিসে পৌঁছালে তা তালাবদ্ধ পাওয়া যায়। এ সময় আদালতের পক্ষ থেকে কুরিয়ারের ব্যবস্থাপককে ফোন করা হলে তিনি অফিসে না থাকার কথা জানান এবং গোডাউনের অবস্থান নিয়ে ভুল তথ্য দিয়ে ভ্রাম্যমাণ আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের সংশ্লিষ্টরা স্থান ত্যাগ করার অভিনয় করলে, তড়িঘড়ি করে গোডাউনের তালা খুলে মালামাল সরিয়ে ফেলার চেষ্টা করা হয় এবং আদালতের উপস্থিতি টের পেয়ে কুরিয়ারের দায়িত্বরত কর্মী দ্রুত সটকে পড়েন। পরবর্তীতে সেখানে থাকা এক ভ্যানচালকের দেওয়া তথ্যের ভিত্তিতে বনগ্রাম এলাকার বিশ্ব নামের এক ব্যক্তিকে অভিযুক্ত হিসেবে শনাক্ত করা হয়।
মৎস্য রক্ষা ও মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫(২) ধারা অনুযায়ী, চায়না দুয়ারি জাল তৈরি, আমদানি, বিপণন, গুদামজাত, বহন ও অধিকারে রাখা দণ্ডনীয় অপরাধ। এই জাল মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি হিসেবে চিহ্নিত।জব্দকৃত ২২ বস্তা জাল এ রিপোর্ট লেখা পর্যন্ত বেড়া মডেল থানার এসআই আলি আজমের জিম্মায় রাখা হয়েছে। নিষিদ্ধ এই জাল পরিবহন ও বিপণনের অভিযোগে এস আর কুরিয়ার সার্ভিসের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান জানান, মৎস্য সম্পদ রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
