সুন্দরগঞ্জে বসতবাড়ি ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বসতবাড়ি ভাঙচুর, মালামাল লুটপাট ও দখলের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আলোতা বেগম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার তারাপুর ইউনিয়নের মধ্য নিজামখাঁ গ্রামের বাসিন্দা আলোতা বেগমের বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ চলে আসছে। গত ১২ ফেব্রুয়ারি সকালে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তার বাড়িতে গিয়ে পূর্ব দুয়ারী চৌচালা টিনের ঘরের বেড়া ভাঙচুর করে।
ভুক্তভোগীর দাবি, তিনি বাধা দিতে গেলে তাকে খুন-জখমের হুমকি দেয়। পরে অভিযুক্তরা বাড়ির টয়লেট ও নলকূপ টিন দিয়ে ঘিরে নিজেদের দখলে নেয়। একই সময় একটি চৌচালা টিনের ঘর খুলে নিয়ে যায়। ঘরের ভেতরে থাকা একটি কাঠের খাট, একটি পারটেক্সের আলমারি, চারটি প্লাস্টিকের চেয়ার, একটি স্টিলের বাক্স এবং প্রায় ২০ মণ ধানসহ বিভিন্ন আসবাবপত্র নিয়ে যায়। লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা বলে দাবি করেছেন তিনি।
এছাড়া বাড়ির ১০টি কংক্রিটের সিঁড়ি খুলে নিয়ে যায়। ঘটনার সময় তার চিৎকারে স্থানীয় কয়েকজন ছুটে এলে অভিযুক্তরা তাদের সামনেই তাকে প্রাণনাশের হুমকি দেয় বলে জানান তিনি।
বর্তমানে অভিযুক্তরা বসতভিটা দখলের সুপারি গাছের চারা রোপন করে । এতে যেকোনো সময় পুনরায় হামলার আশঙ্কা করছেন ভুক্তভোগী ও তার পরিবার। নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন তারা।
অভিযুক্ত মঞ্জু মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, জমিটি তাদের ক্রয়কৃত। তার বোন দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করে আসছেন। প্রয়োজন হলে তিনি তার বোনের বসবাসরত ঘর ভেঙে সেখানে সুপারি চারা রোপণ করেছেন বলে দাবি করেন।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মো. তাজুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।