নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ট্রলারের ধাক্কায় এক জেলের মৃত্যু হয়েছে। পরে যে জাল দিয়ে তিনি মাছ ধরছিলেন সেই জালেই আটকে থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে উপজেলার মাটিকাটা ইউনিয়নের ভাটোপাড়া ফুলতলা ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এর আধাঘণ্টা পর জেলের মরদেহ উদ্ধার করা হয়। নিহত জেলের নাম ধীরেন্দ্রনাথ মন্ডল (৪৫)। তিনি মহিষালবাড়ী রেলবাজার গুড়িপাড়া গ্রামের বাসিন্দা। মাছ ধরার সময় তার ছেলে ছিল। এলাকাবাসী জানায়, ধীরেন্দ্রনাথ মন্ডল তার ছেলেকে সঙ্গে নিয়ে নদীতে মাছ ধরতে যান। রাত আটটার দিকে একটি অজ্ঞাত ট্রলার জেলেদের নৌকাকে ধাক্কা দেয়। এতে নৌকাটি দুলে ওঠে এবং ধীরেন্দ্রনাথ ও তার ছেলে নদীতে পড়ে যান। তার ছেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ধীরেন্দ্রনাথ আর উঠতে পারেননি। ঘটনার পর স্থানীয় জেলেরা খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে রাজশাহী নৌ পুলিশের গোদাগাড়ী ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। নদীতে ফেলা জালে আটকে থাকা অবস্থায় ধীরেন্দ্রনাথের লাশ উদ্ধার করা হয়। গোদাগাড়ী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুর রহমান বলেন, ট্রলারের ধাক্কাতেই এ দুর্ঘটনা ঘটেছে। ট্রলারটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। পুলিশ একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে। পরিবারের আবেদনের পর ময়নাতদন্ত ছাড়াই লাশের সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।#
