সচিবালয় থেকে হেঁটে একুশে পদক অনুষ্ঠানে কন্যাসহ প্রধানমন্ত্রী

আজ সকালে সচিবালয়ে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে সচিবালয় থেকে তার উল্টো পাশে বা সামনে অবস্থিত ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘একুশে পদক’ প্রদান অনুষ্ঠানে যোগ দেন তিনি। 

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সচিবালয় সংলগ্ন এই পথটুকু পায়ে হেঁটে পাড়ি দেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন কন্যা জাইমা রহমান।

সকাল ৯টা ৪ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে প্রবেশ করেন এবং ৯টা ৩০ মিনিটে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে ১০টা ৪৭ মিনিটে তিনি সচিবালয়ের ১ নম্বর ভবন থেকে ৫ নম্বর গেট দিয়ে বের হয়ে হেঁটে অনুষ্ঠানস্থলের দিকে রওনা হন। প্রায় এক ঘণ্টা স্থায়ী অনুষ্ঠান শেষে দুপুর ১২টার দিকে পুনরায় ৩ নম্বর গেট দিয়ে হেঁটে মন্ত্রিপরিষদ ভবনের কার্যালয়ে ফিরে আসেন।

অমর একুশে বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীকে এভাবে সাধারণের মতো হেঁটে যেতে দেখে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দেয়। তার গতিপথের দুই পাশে বিপুলসংখ্যক মানুষ ভিড় জমান এবং তাঁকে অভিবাদন জানান।

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর দেশের ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ‘একুশে পদক’ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।