নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামের মাঝগাঁও ইউনিয়ন পরিষদ এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশে পৌরসভার ময়লার ভাগাড় অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলা ছাত্রদল ও এলাকাবাসীর উদ্যোগে ভাগাড়ের পাশে আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধনকালে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশিদুল ইসলাম, স্কুল শিক্ষক আবু তাহের সিদ্দিকী ও হুমায়ন কবীর, বড়াইগ্রাম পৌর ছাত্রদলের সদস্য জনি প্রধান ও মাঝগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিহাব উদ্দিন শিমুল বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, বছরের পর বছর ধরে মাঝগাঁও ইউনিয়ন পরিষদের পূর্ব পাশে মহাসড়কের ধারে বড়াইগ্রাম ও বনপাড়াসহ পাশের গুরুদাসপুর পৌরসভার বর্জ্য ফেলা হচ্ছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি প্রকট দুর্গন্ধে যানবাহনের যাত্রী-চালক ও পথচারীসহ স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। প্রায় দিনই এসব বর্জ্যে আগুন ধরিয়ে দেয়া হয়, এতে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়ে মহাসড়কে যান চলাচলে ঝুঁকির সৃষ্টি হয়। পলিথিন ও প্লাস্টিক সামগ্রীসহ অপচনশীল পদার্থ ধীরে ধীরে পাশের আবাদী জমিতে গিয়ে চাষাবাদে বিঘœ সৃষ্টি করছে। তাই অবিলম্বে এখানে বর্জ্য ফেলা বন্ধ করাসহ এ ভাগাড় সরিয়ে নেয়ার আহ্বান জানান তারা। অন্যথায় আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি দেয়া হবে বলে জানান তারা।
এ ব্যাপারে ইউএনও ও বড়াইগ্রাম পৌর প্রশাসক লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, আমাদের বড়াইগ্রাম ও বনপাড়া পৌরসভার দুটি ডাম্পিং স্টেশন তৈরির কাজ চলমান রয়েছে। এ দুটি চালু হয়ে গেলে সেখানে আর বর্জ্য ফেলা হবে না। বর্তমানে বিকল্প ব্যবস্থা না থাকায় নিরুপায় হয়েই মহাসড়কের পাশে বর্জ্যগুলো ফেলতে হচ্ছে।
