চাটমোহরে ধানের শীষের নির্বাচনী সভায় জনতার ঢল

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
আপনারা আগামি দুই দিন বিএনপিকে দিয়ে দিন, ধানের শীষকে দিয়ে দিন, আমাকে দিয়ে দিন আমি আমার জীবনের আগামি পাঁচ বছর আপনাদের দিয়ে দেব। এই নির্বাচনের সাথে আমাদের অস্তিত্ব মিশে আছে। নির্বাচনের দাবী আদায় করতে গিয়ে ভোটের অধিকার ফিরে পেতে আমাদের সতেরো শত নেতা কর্মী গুম খুনের শিকার হয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারী) সন্ধ্যায় চাটমোহরের ঐতিহ্যবাহী বালুচর খেলার মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাটমোহর উপজেলা ও পৌর শাখার আয়োজনে অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিপুর) এলাকার বিএনপি মনোনীত প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন (ধানের শীষ) উপরোক্ত কথা বলেন।
তিনি আরো বলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করে মেরে ফেলা হয়েছে। দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করতে তাঁর ছেলেদের পেটানো হয়েছে। তবু তিনি দেশ ছেড়ে যাননি। বিএনপি উদার নীতিতে বিশ্বাসী। জামায়াতকে ভোট দিলে, দাড়ি পাল্লায় ভোট দিলে নাকি বেহেস্তে যাওয়া যাবে এই বলে একটি দল সহজ সরল মা বোনদের বিভ্রান্ত করছে। তাদের কথায় বিভ্রান্ত হওয়া যাবে না।
বিএনপি ক্ষমতায় গেলে এ এলাকার ব্যাপক উন্নয়ন করা হবে। উন্নয়নের লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলের প্রতি আহবান জানান তিনি।
বিএনপি নেত্রী এ্যাড.আরিফা সুলতানা রুমার সভাপতিত্বে বিকেল তিন টায় শুরু হওয়া এ নির্বাচনী সভায় চাটমোহর পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও তার অঙ্গ ও সহযোগি সংগঠনের হাজার হাজার নেতা কর্মী যোগ দেন। সভা চলাকালে সভাস্থলে জনতার ঢল নামে।
এসময় চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, পৌর বিএনপির সাবেক সভাপতি এ এম জাকারিয়াসহ সংগঠনটির বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।