সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি★
পাবনার সাথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রাউতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন থেকে ৭৭ টি ককটেল, গান পাউডার ও ককটেল বানানোর সরঞ্জাম উদ্ধার করে এসআরবি। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযানে উদ্ধার করে তারা। ঘটনার খবর পেয়ে রাজশাহী থেকে এসআরবির বোমডিস্পোজাল ইউনিটের একটি দল ঘটনাস্থলে এসে অভিযান পরিচালনা করে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের মতো একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিপুলসংখ্যক ককটেল বোমা পাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
তবে এসব ককটেল বোমা কারা, কী উদ্দেশ্যে সেখানে রেখেছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে এস আর বি পাবনা ১২ কোম্পানি কমান্ডার ডলি রানী সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়ায় রাউতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন থেকে ৭৭টি ককটেল বোমা ও ককটেল তৈরির সরঞ্জান উদ্ধারকরা হয়েছে। সাঁথিয়া থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।
