সুনামগঞ্জ–৫ আস‌নে বিএনপির বিশাল গণমিছিল ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ কর‌তে হবে- ক‌লিম উদ্দিন আহমদ মিলন

ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উত্তাপ দিন দিন তীব্রতর হচ্ছে। নির্বাচনের আর মাত্র ক’দিন বাকী থাকতেই মাঠে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল।

এরই ধারাবাহিকতায় গত সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে জাউয়াবাজার ইউনিয়নে বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয় এক বিশাল গণমিছিল, যাতে হাজারো মানুষের ঢল নামে।

জাউয়াবাজার ইউনিয়ন পরিষদ চত্বরে বিএনপির নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শুরু থেকেই পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে খণ্ড–খণ্ড মিছিল এসে একত্রিত হলে তা মুহূর্তেই জনসমুদ্রে রূপ নেয়। ব্যানার–ফেস্টুন, দলীয় পতাকা, স্লোগান আর ঢোলের শব্দে পরিবেশ মুখরিত হয়ে ওঠে। ‘পরিবর্তন চাই’, ‘গণতন্ত্র চাই’, ‘ধানের শীষের জয় নিশ্চিত চাই’—এমন নানা শ্লোগানে বাতাস কাঁপতে থাকে এলাকাজুড়ে।

জাউয়াবাজার এলাহি সুপার মার্কেট প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে পুলিশ ফাঁড়ি এলাকা অতিক্রম করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জাউয়াবাজার, সিংচাপইড় ও ভাতগাঁও ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে মিছিলটি এক বিশাল
পথসভায় পরিণত হয়।

এলাকাবাসীর উপস্থিতিতে পথসভাস্থলটি জনসমুদ্রে রূপ নেয়। মিছিলে নেতৃত্ব দেন সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনের বিএনপির এমপি প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সহ–সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফারুক আহমদ, বিএনপি নেতা শাহ সফিকুর আলম, আবু সুফিয়ান, আলা উদ্দিন, কামাল উদ্দিন, সাজ্জাদুর রহমান, আলমগীর হোসেন, লন্ডন প্রবাসী বিএনপি নেতা আবদুল ওয়াহিদ, আবদুর রউফ, সোয়েব আহমদ, কালাম উল্লাহসহ দলীয় অঙ্গ সংগঠনের শতাধিক নেতা–কর্মী।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন আহমদ মিলন বলেন,সুনামগঞ্জ–৫ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে আমাদের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ছাতক–দোয়ারাবাজারবাসীর দীর্ঘদিনের বঞ্চনা দূর করার দায়িত্ব নিতে আমি প্রস্তুত। জনগণের একটি মূল্যবান ভোটই বদলে দিতে পারে এই অঞ্চলের ভাগ্য। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিন—গণতন্ত্রকে রক্ষা করুন, দেশের ভবিষ্যৎকে নিরাপদ করুন।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে সমাজ, রাষ্ট্র ও মানুষের অধিকার পুনরুদ্ধার করতে বিএনপির বিজয় জরুরি। এজন্য তিনি প্রত্যন্ত এলাকার ভোটারদেরও ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
নির্বাচন সামনে এগিয়ে আসায় আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরাও মাঠে সক্রিয় প্রচারণায় ব্যস্ত। ফলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সুনামগঞ্জ–৫ আসনটিতে রাজনৈতিক তাপমাত্রা বেড়েই চলেছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী নির্বাচন ঘিরে এ আসনটি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। #!!#