ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনে দাখিল করা মোট আটটি মনোনয়নপত্রের মধ্যে সাতটি বৈধ ঘোষণা করা হয়েছে। ভোটার সমর্থক ফরমে ত্রুটি ও মামলা সংক্রান্ত কারণে একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বাতিল হওয়া প্রার্থী হলেন স্বতন্ত্র প্রার্থী ও পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু।
রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এসব তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা ও পাবনা জেলা প্রশাসক মো. শাহেদ মোস্তফা।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—
ধানের শীষ প্রতীকের প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব,
দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল,
স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সরদার,
ইসলামী আন্দোলন বাংলাদেশ (যুব আন্দোলন) পাবনা জেলা (পশ্চিম) সভাপতি মাওলানা আনোয়ার শাহ,
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঈশ্বরদী উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল আজাদ মল্লিক,
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঈশ্বরদী উপজেলা সাধারণ সম্পাদক সোহাগ হোসেন
এবং নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক ও নারী ঐক্যের কেন্দ্রীয় আহ্বায়ক শাহনাজ হক।
রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদ মোস্তফা জানান, বাতিল হওয়া প্রার্থীর জন্য নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী আপিল করার সুযোগ রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
এদিকে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী জাকারিয়া পিন্টু বলেন, প্রার্থীতা ফিরে পেতে তিনি দ্রুত আপিল করবেন। আপিলে মনোনয়ন ফিরে পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
